উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ২৪- এর জুলাই আন্দোলনে সোনাপুর এলাকায় নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সাবুকে অবাঞ্ছিত ঘোষণা ও প্রতিরোধের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
শনিবার (১৬ মে ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ধর্মপুর ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি, জামায়াত ও সাধারণ জনগণ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসর চেয়ারম্যান সাবু ৫ আগস্টের পর এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখন আবার পরিষদে পুনর্বহালের চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তাকে আর এই পরিষদে প্রবেশ করতে দেওয়া হবে না।”
বক্তারা আরও বলেন, ২৪-এর জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রবাসী মিলন, স্বেচ্ছাসেবক দলের নেতা সাহাদাত হোসেন, বিএনপি নেতা মনির, মাইন উদ্দিন, বখতিয়ার, মহসিনসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং স্থানীয় নারী-পুরুষ।