উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী এই মেলা ও সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন পদ্ধতির জটিলতা কাটিয়ে ভূমি ব্যবস্থাপনা এখন সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয়। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান এবং ঘরে বসে খতিয়ান পাওয়ার সুবিধার কারণে মধ্যস্বত্বভোগী বা দালালদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে সাধারণ মানুষের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হচ্ছে।
মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাগ্রহীতাদের ভিড়। ভূমি অফিসের পক্ষ থেকে বসানো বুথগুলো থেকে নাগরিকদের তাৎক্ষণিক ই-নামজারি যাচাই, হোল্ডিং আইডি তৈরি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়ে হাতে-কলমে ওয়ান-স্টপ সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
সেবা নিতে আসা এক এক সেবাগ্রহীতা বলেন, 'আগে ভূমি অফিসে আসতে ভয় পেতাম, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও কাজ হতো না। আর আজ মেলায় এসে পাঁচ মিনিটেই বুঝলাম কীভাবে ঘরে বসে নিজের মোবাইলে খাজনা দেওয়া যায়। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা বিশাল স্বস্তি।"
ডিজিটাল এই সেবা মেলায় এসে ভোগান্তি ছাড়াই দ্রুত সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মেলায় আসা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ।