উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফখরুল ইসলাম প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতার বিপুল অর্থ ব্যয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আজ নোয়াখালী-৫ আসনে কেউ কেউ বলেছেন, তিনি নাকি জনসাধারণের মাঝে ১০০টি গরু বিলি বা কোরবানি দিয়েছেন। তিনি কোন জমিদারের পুত্র তা আমি জানি না। তবে সাধারণ মানুষের প্রশ্ন ১০০টি গরু কেনার এত টাকা তিনি কোথায় পেলেন? নিশ্চয়ই চাঁদাবাজি করেছেন।”
তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী কোরবানি বা দান করেছি। এতে চাঁদাবাজির একটি টাকাও নেই। আমাদের দলের সাবেক পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীও ৩০ মে উপলক্ষে ৫টি গরু ক্রয় করেছেন। অথচ দুঃখের বিষয়, আমাদের এই সৎ ও সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিয়ে ‘বটবাহিনী’ অপপ্রচারে ও সমালোচনায় লিপ্ত রয়েছে।”
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুন অর রশীদ আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জাহিদুর রহমান রাজনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।