উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী শিশু তামিমের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণাঞ্চল সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড মরদেহটি উদ্ধার করে।
নিহত তামিম উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। সে সময় তার বাবা মেঘনা নদীতে মাছ ধরছিলেন। খাবার খাওয়ার পর শাহাদাত হোসেন নদীর পাড়ে অবস্থান করলেও তামিম তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তামিম নদীতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা শিশুটি পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তামিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার সকালে ভোলা থেকে আসা ডুবুরি দল নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়।
অবশেষে বিকেল পৌনে ৬টার দিকে তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে কোস্টগার্ড শিশুটির মরদেহ উদ্ধার করে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের নিজস্ব ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনায় কিছুটা বিলম্ব হয়। পরে ডুবুরি দলের সহায়তায় অনুসন্ধান কার্যক্রম চালানো হয় এবং কোস্টগার্ড মরদেহ উদ্ধার করে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিশু তামিমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।