স্টাফ রিপোর্টার : সদর উপজেলার দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির মাদকবিরোধী কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও দৈনিক নয়া পৃথিবী পত্রিকার সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় দত্তবাড়ি ও আশপাশের এলাকাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গঠিত মাদকবিরোধী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কমিটি গঠন করা হয়েছে।
মতবিনিময় সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে নেতৃবৃন্দ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ী সমিতির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।