উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের বিচ্ছিন্ন চর আমানউল্যাহ ঢালচরে চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনীর চাঁদাবাজি, খাল ও ভূমি দখল এবং নিরীহ ভূমিহীনদের ওপর বর্বর নির্যাতন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঢালচরের স্থায়ী বাসিন্দারা।
ঢালচর মসজিদ মার্কটে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী সোহেল, জহির, পারভেজ ও ইউছুফসহ তাদের পুরো বাহিনীকে অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুখচর ইউনিয়নের ইসমাইল হোসেন,ঢালচরের মো. মিরাজ উদ্দিন, আলতাফ সরদার, মহিন উদ্দিন মাঝি, সিরাজ উদ্দিন, আলতাফ হোসেন, কামাল উদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন, মো. শরীফ উদ্দিন, আজাদ উদ্দিন, মো. এনায়েত হোসেন, কালু রাজসহ এলাকার বিভিন্ন পেশাজীবী ও বিপুল সংখ্যক নারী-পুরুষ ব্যানার-হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—ইসমাইল হোসেন, মো. মিরাজ উদ্দিন, আলতাফ সরদার, মহিন উদ্দিন মাঝি, সিরাজ উদ্দিন ও রিমা আক্তার রিয়াসহ আরও অনেকে।
বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন ধরে এই চরে সোহেল, জহির, পারভেজ ও ইউছুফের নেতৃত্বে একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী চরম নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। তাদের ধারাবাহিক চাঁদাবাজি, জোরপূর্বক অসহায় মানুষের ভূমি ও সরকারি খাল দখল এবং বনের মূল্যবান গাছ কেটে উজাড় করার মতো অনৈতিক কর্মকাণ্ডে আজ সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
ভুক্তভোগী বাসিন্দারা আরও বলেন, "আমরা আর কোনো সন্ত্রাসী বাহিনীর জিম্মিদশায় বাঁচতে চাই না। এই চরের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজের অধিকার নিয়ে বাঁচতে চায়। আমাদের সন্তান, পরিবার ও মা-বোনদের নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিময় পরিবেশে বসবাস করা আমাদের মৌলিক অধিকার। চাঁদাবাজ আর দখলদারদের এই অত্যাচার আমরা ঢালচরে দেখতে চাই না।"
মানববন্ধন থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ঢালচরের নিরীহ ভূমিহীন মানুষকে এই জিম্মিদশা থেকে চিরতরে মুক্ত করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।