উপজেলা প্রতিনিধি, হাতিয়া : তরুণ ও যুবসমাজকে সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করতে এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নোয়াখালীর হাতিয়ায় ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে হাতিয়া উপজেলার চরচেঙ্গা এম.সি.এস. উচ্চ বিদ্যালয় মাঠে এই জমকালো ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা দক্ষিণ থানা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জামায়াত মনোনীত হাতিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: "খেলাধুলা যুবসমাজকে শুধু শারীরিক ও মানসিকভাবে সুস্থই রাখে না, বরং এটি তাদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলাই বিপ্লবের শহীদদের চেতনাকে বুকে ধারণ করে তরুণদের এগিয়ে যেতে হবে।"
তিনি বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে মাঠপর্যায়ে খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ছাত্রশিবির হাতিয়া উপজেলা দক্ষিণ থানার সভাপতি আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ফয়জুল বারী তারিফ।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: মাওলানা নবীর উদ্দিন, আমীর, সোনাদিয়া ইউনিয়ন জামায়াত।
মাওলানা আশরাফুল ইসলাম, আমীর, বুড়িরচর ইউনিয়ন জামায়াত।
আব্দুল ওহাব বাবুল, সভাপতি, ছাত্রশিবির হাতিয়া আদর্শ থানা শাখা।
ফাইনাল খেলাটি দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সর্বস্তরের জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান স্থানীয় ক্রীড়া সংগঠকরা।