মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : মেয়াদোত্তীর্ণ হওয়ায় নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলা শাখা।
রোববার জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের অনুমোদনক্রমে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনবাগ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই এসব ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
এছাড়া একই বিজ্ঞপ্তিতে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদল, সোনাইমুড়ী পৌরসভা ছাত্রদল, বেগমগঞ্জ উপজেলা ছাত্রদল এবং চৌমুহনী পৌরসভা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জেলা ছাত্রদলের নেতারা জানান, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।