নোয়াখালীর কথা ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
সোমবার (২২ জুন) আইসিএপিপির মহাসচিব এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে মো. ইসমাইল জবিউল্লাহর নাম প্রস্তাব করেন।
আগামী ২৫ থেকে ২৮ জুন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ৪৫তম স্থায়ী কমিটির সভায় মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।
সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
মো. ইসমাইল জবিউল্লাহর এই মনোনয়নকে বিএনপির আন্তর্জাতিক রাজনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দলটির মতে, এটি আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কূটনৈতিক যোগাযোগ ও গ্রহণযোগ্যতার একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং এর মাধ্যমে এশিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা ও বহুপাক্ষিক সংলাপে অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে।
উল্লেখ্য, আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। সংগঠনটির লক্ষ্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।