নোয়াখালীর কথা ডেস্ক : সোনাপুর কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইসমাইল সম্রাট-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব ও নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ। এ ছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
বক্তব্যে প্রধান বক্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী পরীক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন সোনাপুর কলেজের সাবেক ভিপি ও পরিচালনা পরিষদের সদস্য শহীদুল ইসলাম কিরণ, পরিচালনা পরিষদের সদস্য ফিরোজ আলম মতিন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আহমেদ ভূঁইয়া।