উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : চৌমুহনী বাজারে তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজ, ঢাকা হোটেল ও সেভেন হোটেলে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব হোটেলে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায়। অভিযানে ১৪ জনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের রয়েছেন। এছাড়া অবৈধ সম্পর্কের সূত্রে কয়েকজন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কিছু ব্যক্তি দেহব্যবসার সঙ্গে জড়িত এবং কিছু ব্যক্তি পরকীয়া সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”