উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মেয়াদোত্তীর্ণ সার, বীজ ও কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে বসুরহাট পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
জরিমানা হওয়া প্রতিষ্ঠান দুটি হলো 'এম ইসলাম এন্ড ব্রাদার্স' এবং 'বসুরহাট বীজ ভান্ডার'।
আদালত সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভার বাজারে নিয়মিত তদারকি ও বাজার মনিটরিং অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী দোকানে ২০২৪ ও ২০২৫ সালে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিভিন্ন প্রকার রাসায়নিক সার, বীজ, কৃষি ওষুধ ও কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রেখেছেন।
মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের এসব কৃষি উপকরণ প্রদর্শন ও সংরক্ষণ করার দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে যথাক্রমে ২০ হাজার টাকা ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম জানান, প্রান্তিক কৃষকেরা যেন প্রতারিত না হন এবং বাজারে যেন আসল ও গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণ নিশ্চিত করা যায়, সেজন্য প্রশাসনের এই তদারকি ও জনস্বার্থমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।