উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : গ্রামীণ জনপদে আধুনিক ও স্মার্ট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাটে ব্যাংক এশিয়া পিএলসি’র নতুন একটি এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে মিজান ট্রেডার্সের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংক এশিয়া পিএলসির এভিপি ও মাইজদী কোর্ট শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।
সাবেক স্বাস্থ্য পরিদর্শক ডা. নুর আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া পিএলসির নোয়াখালী জেলা এজেন্ট ব্যাংকিং ব্যবস্থাপক মো. রিপন মিয়া, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল এবং চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনোয়ার হোসাইন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সিনিয়র রিলেশনশিপ অফিসার মো. জসিম উদ্দিন, উপজেলা বিজনেস অফিসার মো. মোজাম্মেল হক, মো. সোহেল রানা ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংক এশিয়ার এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের ফলে গ্রামীণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এখন সহজেই ঘরের কাছে আধুনিক ব্যাংকিং সুবিধা পাবেন। টাকা জমা-উত্তোলন, প্রবাসী রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন আধুনিক সেবা সহজে পাওয়ার কারণে স্থানীয় মানুষের সময় ও ভোগান্তি দুটোই কমবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।
আবু মাঝিরহাট এজেন্ট আউটলেটের বিনিয়োগকারী, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল আফসার জানান, এলাকার মানুষের জন্য নিরাপদ, আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। তিনি এই আউটলেটের সফল পথচলায় স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা ও ব্যাংক এশিয়ার সেবা গ্রহণের আহ্বান জানান।