নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : মাইজদীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন ও কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ভার্চুয়ালি করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে কৃতী শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের হাতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।