নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও ভবিষ্যৎ সম্ভাবনাকে কেন্দ্র করে মাইজদীতে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে একটি ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার উন্নয়নের বিভিন্ন খাত নিয়ে আয়োজিত এ বৈঠকে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, রাজনীতি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়ে বাস্তবভিত্তিক মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শুভ দেবনাথ, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মনির হোসেন।
গোলটেবিল বৈঠকে জেলার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, পর্যটন, কর্মসংস্থান, শিল্পায়ন, নোয়াখালী সিটি করপোরেশন গঠন, বিমানবন্দর নির্মাণ, রেলপথ সম্প্রসারণ, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জেলার টেকসই ও সমন্বিত উন্নয়নের লক্ষ্যে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবমুখী উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিকুল উল্লাহ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবু নাসের, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এবং নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।
এ ছাড়া জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক এবং নোয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা বৈঠকে অংশ নেন। বক্তারা জেলার উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ, জবাবদিহিমূলক পরিকল্পনা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে আগত অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।