রাশেদ বিল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আমানতপুর দরবার শরীফে জেলা শহর কুতুব, কুতুবে আলম হযরত শাহ সূফী মাওলানা আবদুল গনিশাহ কেবলা আমানতপুরী (রহ.)-এর পবিত্র বাৎসরিক ওরস শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) ১১ শ্রাবণ উপলক্ষে আয়োজিত এ ওরস শরীফে পরিচালনা পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল মহান মুর্শিদ কেবলার পবিত্র রওজায় গিলাফ প্রদান, কুরআন খতম, নাতে রাসুল (সা.) পরিবেশন, ওলি-আউলিয়াদের জীবনাদর্শ নিয়ে আলোচনা, মিলাদ ও কিয়াম, ওয়াজ মাহফিল, জিকির-আযকার, সামা-কাওয়ালী এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত।
ওরস শরীফে সভাপতিত্ব করেন আমানতপুর দরবার শরীফের গদীনশীন পীর সূফী মো. গোলাম মাওলা সাহেব কেবলা। উপস্থিত ছিলেন পীর মো. বদিউল আলম জুয়েল, মো. টুটুল ও আবদুর জাহের ফয়সাল শাহসহ দরবারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান উপলক্ষে সর্বসাধারণের জন্য পবিত্র মাজার শরীফ জিয়ারতের ব্যবস্থা করা হয়। দুই মঞ্জিলে সারারাতব্যাপী ওরসে আগত ভক্ত-অনুসারীদের মাঝে তবারক বিতরণ করা হয়। আখেরি মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
ওলি-আউলিয়াদের জীবনাদর্শ বিষয়ক আলোচনা সভায় বক্তব্য দেন মাওলানা জালালি হুজুর, শায়ের সৌরভ হোসেন আশিকী, সাংবাদিক রাশেদ বিল্লাহ চিশতীসহ অন্যান্য বক্তারা।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্ত-অনুসারী ও জিয়ারতকারীরা ওরস শরীফে অংশ নেন, ফলে পুরো দরবার প্রাঙ্গণে এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।