দাগনভূঞা প্রতিনিধি : "বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) দুপুরে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রেঞ্জ কর্মকর্তা মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, মানুষের জীবন, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।
মেলায় উপজেলার বিভিন্ন নার্সারির ৭টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ নিয়ে অংশগ্রহণ করে। শেষে মেলায় অংশগ্রহণকারী ৭ জন নার্সির স্বত্বাধিকারীকে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।