সিনিয়র স্টাফ রিপোর্টার : জেলাতে হঠাৎ করে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে এলএনজি টার্মিনালের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না বাখরাবাদ কর্তৃপক্ষ।
বুধবার দুপুর ১২টার পর জেলার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৯ হাজার ৩৫০ জন গ্রাহক। এর মধ্যে প্রায় ২৯ হাজার আবাসিক ও ৩৫০ বাণিজ্যিক গ্রাহক রয়েছেন। একই সঙ্গে জেলার সাতটি সিএনজি ফিলিং স্টেশনও গ্যাসসংকটে পড়েছে। গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক ও ব্যবসায়ীরা।
বাখরাবাদ সূত্রে জানা গেছে, নোয়াখালীতে প্রতিদিন গড়ে ১৬ থেকে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। বর্তমানে সরবরাহ বন্ধ থাকায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সিএনজি স্টেশনগুলোও সংকটে পড়েছে।
বাখরাবাদ কর্তৃপক্ষ বলছে, এলএনজি টার্মিনালের সমস্যার কারণে ফেনী গ্রিড থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর প্রধান লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, গত সপ্তাহ থেকেই নোয়াখালীতে গ্যাসের চাপ কম ছিল। তখন দিনের কোনো কোনো সময়ে অল্প পরিমাণে গ্যাস পাওয়া গেলেও চুলা জ্বলত। চলতি সপ্তাহের শুরুতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকও হয়েছিল। কিন্তু বুধবার দুপুরের পর হঠাৎ পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
মাইজদীর পশ্চিম সাহাপুর এলাকার বাসিন্দা উম্মে কুলসুম বলেন, ‘গত কয়েক দিন গ্যাসের চাপ কম থাকলেও কোনো না কোনো সময় চুলা জ্বলত। কিন্তু আজ দুপুর থেকে একেবারেই গ্যাস নেই। রান্নাবান্না নিয়ে খুব সমস্যায় পড়েছি।’
গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা। দুপুরের খাবারের সময় গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান রান্না চালিয়ে নিতে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করছে। এতে খাবার তৈরির খরচও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
একাধিক হোটেল কর্মচারী জানান, সকাল পর্যন্ত রান্নাবান্না স্বাভাবিক ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের চাপ কমতে থাকে এবং একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে গ্রাহকদের খাবার সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। বাধ্য হয়ে অনেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস কিনে রান্নার কাজ চালিয়ে নিচ্ছেন।
বাখরাবাদ নোয়াখালীর ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপক নূর করিম বলেন, বুধবার দুপুর ১২টা থেকে ফেনী গ্রিডের প্রধান লাইনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এলএনজি টার্মিনালের সমস্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, গত সপ্তাহে গ্যাসের সংকট থাকলেও জেলার সোনদলপুর ও বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসের মাধ্যমে জেলার কিছু এলাকায় সরবরাহ চালু রাখা হয়েছিল। কিন্তু বুধবার দুপুর থেকে জেলাজুড়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।