রাসেদ বিল্লাহ চিশতী, স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
সোমবার (১৭ আগস্ট) সকালে সোনাইমুড়ীর শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন।
ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, সম্প্রতি হেফাজতে ইসলামের ব্যানারে নোয়াখালী জেলা স্কুলের মাঠে একটি ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার, হুমকি, উসকানি, গালাগালি ও বেআইনি বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সমাবেশে ‘সারা দেশে হেযবুত তওহীদের কবর রচনা করা হবে’, ‘সরকার হেযবুত তওহীদকে নিষিদ্ধ না করলে সারাদেশ অচল করে দেওয়া হবে’ এবং ‘হেযবুত তওহীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে’—এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্য দেশের আইন ও সংবিধানবিরোধী বলেও দাবি করেন তিনি।
ইমাম সেলিম আরও অভিযোগ করেন, কওমি মাদ্রাসাকেন্দ্রিক এই গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। মিথ্যা তথ্যসংবলিত হ্যান্ডবিল তৈরি করে হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায় বিতরণ করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। পাশাপাশি সভা-সমাবেশ, মসজিদের মিম্বার, জুমার খুতবা ও ওয়াজের মঞ্চে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে মুসল্লিদের ক্ষিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় সংগঠনের নেতা-কর্মীদের জানমাল, বাড়িঘর, কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পে যেকোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন হেযবুত তওহীদের এই নেতা।
মতবিনিময় সভায় সংগঠনের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নেতা-কর্মীদের জানমাল ও স্থাপনার নিরাপত্তাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।