উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২৭ হাজার ২৭৫ টাকা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেলে চাটখিল পৌরসভার বাজার এলাকার মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ওমর ফারুক (২৪), আশিক দাশ অভি (২৩), মো. জাহিদুল ইসলাম (২২), শাকিবুল হাসান (২০), মো. নয়ন (২০), মো. রবিউল ইসলাম (২৩), মো. এমরান হোসেন নাজিম (২৫), মো. মান্নান হোসেন (৩৬), মো. রবিউল আলম (২০) ও মাজহারুল ইসলাম শিমুল (২১)।
চাটখিল থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২৭ হাজার ২৭৫ টাকা, ১০টি গ্যাস লাইট, টাকা দিয়ে তৈরি ছয়টি মাদক সেবনের পাইপ, আটটি ব্যবহৃত বোতলের কর্ক ও ১০ টুকরা ফুয়েল পেপার উদ্ধার করা হয়। পরে এসব আলামত জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মুহাম্মদ মুসলিম, এসআই টুটন মজুমদার, এসআই মামুনুর রশিদ, এএসআই শাহ আলম গাজী, এএসআই মো. জাহাঙ্গীর হোসেন, এএসআই মো. আলী হোসেন ও এএসআই মো. হাছানসহ পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, অভিযানে মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওসি আব্দুল মোন্নাফ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।