উপজেলা সংবাদদাতা, সদর : দত্তেরহাট গোফাই এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সুধারাম থানার গোফাই ৬ নম্বর ওয়ার্ডের মমিন ডাক্তারের বাড়ির আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ তানভীর (২৩) এবং একই এলাকার মনের হুজুরের বাড়ির আবুল কাশেমের ছেলে আবু সাহেদ (২৩)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার দত্তেরহাটের গোফাই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়।
পরে উদ্ধার করা মাদক ও সরঞ্জামসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়। আদালতের সংক্ষিপ্ত বিচারে দুই আসামিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।