স্টাফ রিপোর্টার : দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সব নৌযানের তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তর।
আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এ নৌযান শুমারি অনুষ্ঠিত হবে। শুমারির কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর মাইজদীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। এতে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. জান্নাতুল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌযান মালিক-শ্রমিক, সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত পরিসংখ্যান কর্মকর্তারা অংশ নেন।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নৌযান শুমারি ২০২৬ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, এ শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এসব তথ্য ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।