মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্ট : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা বাস্তবায়নে নোয়াখালীর সোনাইমুড়ীতে দিনভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) উপজেলার দেওটি ও সোনাইমুড়ী বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে খাবারের দোকান ও মিষ্টির দোকানে অনিয়মের অভিযোগে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগেও কয়েকজনকে জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সরকারের নতুন সময়সূচি মেনে চলার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
বুধবার বিকেলে উপজেলার দেওটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন খাবারের দোকান ও মিষ্টির দোকানে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় মোটরসাইকেল চালকদের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ীদের খাবারের মান বজায় রাখা এবং সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
এদিকে সন্ধ্যার পর সোনাইমুড়ী বাজারেও সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামে উপজেলা প্রশাসন। মাগরিবের নামাজের পর রাত ৭টা ৪০ মিনিটের দিকে বাজারের বিভিন্ন দোকান ও বিপণিবিতান পরিদর্শন করা হয়।
এ সময় ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। সরকারি সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা না রাখার আহ্বান জানানো হয়।
সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। আগে রাত ৯টা পর্যন্ত খোলার সুযোগ থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সময় এক ঘণ্টা কমানো হয়েছে।
এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। জনস্বার্থে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাইকে নির্ধারিত সময়সূচি মেনে চলার পাশাপাশি আলোকসজ্জা ও বিলবোর্ডসংক্রান্ত নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাজারগুলোতে নিয়মিত মনিটরিং করা হবে। নির্দেশনা অমান্য করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে