মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে পুকুরের পানিতে ডুবে ফাহিমা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা সেবারহাট বাজারের ব্যবসায়ী মো. হুমায়ুন কবিরের মেয়ে এবং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের নাতনি।
পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় ফাহিমা। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক-দুই বছর আগে হুমায়ুন কবিরের একমাত্র ছেলে অনুরূপও একইভাবে পুকুরের পানিতে ডুবে মারা যায়। এবার একমাত্র মেয়েকেও হারিয়ে পরিবারটি শোক ও আহাজারিতে স্তব্ধ হয়ে পড়েছে।
স্বজনরা জানান, সদ্য ওপেন হার্ট সার্জারি করা বাবা হুমায়ুন কবিরের জন্য মেয়ের এই আকস্মিক মৃত্যু আরও বড় আঘাত হয়ে এসেছে।
ফাহিমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে গভীর শোক ও আহাজারি।