উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে নুরুল হক মিয়ার পুরান বাড়িতে বসতঘর দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
সোমবার দুপুরে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মমতা আক্তার অভিযোগ করেন, হাজীপুর ইউনিয়নের নুরুল হক মিয়ার পুরান বাড়িতে দীর্ঘদিন ধরে তাদের বসতঘর ও জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় তাদের ওপর হামলা, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
লিখিত অভিযোগে মমতা আক্তার দাবি করেন, গত ১৫ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে তার স্বামী ফখরুল ইসলামকে (হক সাব) বাড়ির সামনে রাস্তায় একদল লোক হামলা করে। এ সময় তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে তিনি বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এছাড়া গত ২১ আগস্ট সকালে হাজীপুরে তাদের বসতবাড়িতে আবারও হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি। এ সময় বাড়িতে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিরোধপূর্ণ জায়গা দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন ধারাবাহিকভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করছে। বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এমনকি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা আক্তার।
লিখিত অভিযোগে ইলিয়াস সহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার তাদের ভাষায় ইলিয়াস বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
মমতা আক্তার জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি পরিদর্শন করেন। এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় মমতা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের বসতঘর ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং প্রাণনাশের হুমকির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।