উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিল উপজেলার ১নং শাহপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের ইসমাইল পালের বাড়ীর সুজায়েদ উল্লাহ সুজার বসত ঘরে সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে পেট্রোল দিয়ে স্থানীয় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত অগ্নি সংযোগ করেছে। এতে করে সুজার পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। পরিবারের লোকজন নিয়ে কোথাও মাথা গোজার ঠাইও নাই।
জানা গেছে, প্রসাদপুর এলাকার চিহ্নিত কয়েক জন দুর্বত্ত সুজাকে, তার পরিবারের সদস্যদের হত্যা এবং বসতঘর জালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। সুজায়েদ জানান, রবিবার স্থানীয় চিহ্নিত ১০ থেকে ১২ জন দুর্বত্ত তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা এবং তার বসতঘর জালিয়ে দেওয়ার হুমকি দেয়। পরের দিন অর্থ্যাৎ সোমবার (২৪ আগস্ট) রাতে পেট্রোল দিয়ে তার বসতঘর সম্পূর্ণ রূপে জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় বসত ঘরে থাকা ৭/৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লক্ষ টাকা, আসবাবপত্র সহ সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দুর্বত্তরা এখন তাকে তার পরিবারের সদস্যদের এলাকা ছাড়া হুমকিসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। বসতঘর জ্বালিয়ে দেওয়ায় তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বসবাসের জন্য মাথা গোঁজার কোন জায়গা পাচ্ছে না।
সুজায়েদ জানান, তিনি থানায় মামলা করবেন। ঘটনার সাথে জড়িত ১০/১২ জনের নাম তিনি পেয়েছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল মোন্নাফ জানান, বসতঘরে অগ্নিকান্ডে কোন অভিযোগ তিনি পাননি। এ ব্যাপারে কোন অভিযোগ পেলে মামলা রেকড করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।