উপজেলা সংবাদদাতা, সদর : জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদারল্যান্ড হাসপাতাল ও জীবন আলো হাসপাতালকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত এ অভিযানে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রম, সেবার মান, বিভিন্ন নথিপত্রসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পরিদর্শন করা হয়।
অভিযানকালে মাদারল্যান্ড হাসপাতাল ও জীবন আলো হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি চিহ্নিত করা হয়। এসব কারণে প্রতিষ্ঠান দুটিকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিহ্নিত অসঙ্গতিগুলো দ্রুত সংশোধনের জন্য হাসপাতাল দুটিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রমে নিয়মিত তদারকি প্রয়োজন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।