মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোনাইমুড়ী শাখার নতুন কমিটিতে মুফতী হোসাইন আহমাদকে সভাপতি ও কামরুল হাসান জিটুকে সেক্রেটারি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আসন্ন সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে সলিমুল্লাহ (বি.এ.) এর নাম ঘোষণা করা হয়।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় সোনাইমুড়ী কলেজের হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ী থানা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে কথা বলেন। তিনি সামাজিক ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বক্তব্য শেষে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সোনাইমুড়ী শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে নতুন কমিটির সভাপতি হিসেবে মুফতী হোসাইন আহমাদ ও সেক্রেটারি হিসেবে কামরুল হাসান জিটুর নাম ঘোষণা করেন। এ সময় আসন্ন সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে সলিমুল্লাহ (বি.এ.)-এর নামও ঘোষণা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ী থানা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মামুনুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক সৌজন্যে ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এ.বি.এম ফয়সল।