স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের মিয়ামী ও স্কাইভিউ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৩০ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার চার পুরুষ হলেন সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল দুটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”