উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালা উদ্দিনের বাড়িতে মুখোশধারী একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬শে আগস্ট রাত আনুমানিক ৭টার দিকে একদল মুখোশধারী ব্যক্তি তুলাচারা গ্রামে সালা উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রাত আনুমানিক ৭টার দিকে একদল মুখোশধারী ব্যক্তি সালা উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রতিবেশী পারুল জানান, মুখোশ পরিহিত কয়েকজন অজ্ঞাত যুবক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তিনি তাদের বাধা দিতে গেলে তারা তার দিকেও তেড়ে আসে বলে অভিযোগ করেন।
এ ঘটনায় বাড়ির বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিসংযোগের ঘটনায় বাড়ির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও তৎকালীন সরকার দলীয় লোকজন কয়েক দফা ওই বাড়িতে হামলা চালিয়েছিল বলে তারা অভিযোগ শুনেছেন।
ঘটনার পর গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনার নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।