উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে যুবসমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেগমগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুই মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সুর রহমানের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকত উল্যাহ বুলু।
টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে এ দুই মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়া, বেগমগঞ্জ মডেল থানার অফিসার মোহাম্মদ সামছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান খায়ের চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোরশেদুল আমিন ফয়সাল, সদস্য আহসান উল্যাহ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছু তীব্রিজ স্বপন, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে যুবসমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত তরুণদের আধুনিক প্রযুক্তি শিক্ষার আওতায় আনতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।