সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট এ সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG)-এর মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য চার্জ অনলাইনে আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এবং লামছি প্রসাদ উচ্চ বিদ্যালয়ের মধ্যে এক দ্বিপাক্ষিক চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি-এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস নোয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুল মতিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন লামছি প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নূরুল আমিন আকিলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস নোয়াখালী সাউথ (প্রস্তাবিত)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার রানা অমিতাভ দাশ গুপ্ত।
এছাড়াও লামছি প্রসাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান এবং সোনালী ব্যাংক পিএলসি, চাপরাশিরহাট শাখার ম্যানেজার সাইয়েদ কামাল ছিদ্দিকী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাপরাশিরহাট শাখার ম্যানেজার তাঁর বক্তব্যে বলেন, "এই চুক্তির ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ফি আদায়ে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসেই তাদের বিকাশ, নগদসহ সকল এমএফএস (MFS), যে কোন ব্যাংকের কার্ড এবং সোনালী ব্যাংকের একাউন্টের মাধ্যমে অনলাইনে সহজ ও নিরাপদে সকল ফি ও চার্জ পরিশোধ করতে পারবে।"
একই সাথে তিনি উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও দ্রুত সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) সিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সোনালী ব্যাংক পিএলসি, চাপরাশিরহাট শাখা (নোয়াখালী)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।