শাহরিয়ার আলম, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘মক ট্রায়াল’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
মক ট্রায়ালে আইন বিভাগের শিক্ষার্থীরা বাস্তব আদালতের আদলে আইনি বিতর্ক ও বিচারিক প্রক্রিয়ায় অংশ নেন। এর মাধ্যমে আদালতের কার্যক্রম, আইনি যুক্তি উপস্থাপন ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আদালতের কার্যক্রম অনুকরণের মাধ্যমে আজ আমাদের শিক্ষার্থীরা এর কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করলো। এর মাধ্যমে তাদের যুক্তি-তর্কে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি আইনি বিশ্লেষণ এবং জনসমক্ষে কথা বলার আত্মবিশ্বাস সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম আয়োজনের জন্য আইন বিভাগকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন এবং নোয়াখালী জেলা জজ কোর্টের সাবেক এজিপি ও নোবিপ্রবি প্যানেল আইনজীবী অ্যাডভোকেট এ টি এম ফিরোজ আলম আজাদ।
আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. ছাফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘মক ট্রায়াল’ একটি অনুশীলনমূলক বিচারপ্রক্রিয়া, যেখানে বাস্তব আদালতের কার্যক্রম অনুসরণ করে শিক্ষার্থীরা আইনি বিতর্ক, যুক্তি উপস্থাপন ও বিচারিক প্রক্রিয়ায় অংশ নেন। এর মাধ্যমে আইনগত তত্ত্বের পাশাপাশি আদালতের বাস্তব পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা ও ব্যবহারিক দক্ষতা গড়ে ওঠে।