উপজেলা সংবাদদাতা, সদর : নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় ইমাম বাজার, যা স্থানীয়ভাবে ‘বসিরার দোকান’ নামে পরিচিত। বাজারসংলগ্ন রেলক্রসিংয়ের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকেরা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রেলক্রসিং এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একই সঙ্গে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে এসব গর্ত পানির নিচে তলিয়ে যাওয়ায় অনেক সময় সড়কের প্রকৃত অবস্থা বোঝা যায় না। এতে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, রেলক্রসিং সংলগ্ন সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও বড় গর্ত রয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পর দীর্ঘ সময় ধরে সড়কে পানি জমে থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল দশা ও জলাবদ্ধতার কারণে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চালকদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় পানির নিচে থাকা গর্তগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন জনদুর্ভোগ বাড়ছে। সড়কটি দ্রুত সংস্কার না করা হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এস এম নিজাম দ্রুত ইমাম বাজার রেলক্রসিং এলাকার সড়ক সংস্কার, বড় গর্তগুলো ভরাট এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে এবং রেলক্রসিং এলাকার সড়কটি চলাচলের উপযোগী করে জনদুর্ভোগের স্থায়ী অবসান ঘটাবে।