উপজেলা সংবাদদাতা, কবিরহাট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্তমান রাজনৈতিক কৌশল,সাংগঠনিক প্রস্তুতি এবং দূরদর্শী সিদ্ধান্তের ক্ষেত্রে প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি করেছেন নোয়াখালী জেলা বিএনপি'র সাবেক সদস্য ও কবিরহাট পৌর বিএনপি'র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু।
দলীয় নেতা-কর্মী ও রাজনৈতিকদের মতে,কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে রাজপথের আন্দোলনে তরুণদের ভূমিকার পাশাপাশি প্রবীণ নেতাদের অভিজ্ঞতা ও দূরদর্শিতা দলকে সঠিক দিকনির্দেশনা দিতে অত্যন্ত প্রয়োজনীয় এমন কথা বলেন মঞ্জু।
মঞ্জু আরো বলেন দলের প্রতিষ্ঠালগ্ন ও বিভিন্ন সংকটাপন্ন সময়ে যেসব নেতা মূল ভূমিকা পালন করেছেন, তাঁদের কৌশলগত দিকনির্দেশনা বর্তমান প্রেক্ষাপটে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
তৃণমূল নেতা-কর্মীদের একাংশের মতে, কেবল তরুণদের উদ্যম দিয়ে রাজনীতি পরিচালিত হতে পারে না; তার সঙ্গে প্রয়োজন জ্যেষ্ঠ নেতাদের গঠনমূলক পরামর্শ, সংযম ও কূটনৈতিক বুদ্ধিমত্তা।
বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে সামনের দিকে এগোতে হলে অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের সম্মান জানানো এবং তাঁদের উপযুক্ত মূল্যায়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট স্থানীয় নেতৃবৃন্দরা।
তবে অভিজ্ঞতার আলোকেই দলের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারিত হবে—এমনটাই প্রত্যাশা দলের সাধারণ নেতা-কর্মীদের।