উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার জমিদারহাট বেগম কামরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে রসুলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান।
সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন চৌধুরী, স্থানীয় চেয়ারম্যান আবদুর রশীদ, রসুলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রিয়াজ, দুলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
সভা শেষে জমিদারহাট বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, বেগমগঞ্জে কোনো মাদক কারবারি ও সেবনকারী থাকবে না। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকারও আহ্বান জানান ওসি।
প্রবাসী অভিভাবকদের উদ্দেশে ওসি শামসুজ্জামান বলেন, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তুলে না দিয়ে তাদের প্রতি নজর রাখতে হবে। সন্তানদের নজরদারির বাইরে রাখা যাবে না। মোবাইলে প্রেমের সম্পর্কে না জড়িয়ে সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।
মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।