বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট (nstusc.org) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) উপাচার্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সায়েন্স ক্লাবের এই উদ্ভাবনী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাবের বিজ্ঞানভিত্তিক গবেষণা, চর্চা ও সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এছাড়াও নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সভাপতি সুবাহ তাসনিয়া, সাধারণ সম্পাদক সাদমান রাকিনসহ সংগঠনের উপদেষ্টা শিক্ষকবৃন্দ, নির্বাহী সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্লাব সংশ্লিষ্টরা জানান, নতুন এই ওয়েবসাইটটির মাধ্যমে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের যাবতীয় তথ্য, ইভেন্ট আপডেট, বিজ্ঞানবিষয়ক নিবন্ধ ও সাম্প্রতিক সংবাদের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটটি নির্মাণে কারিগরি সহযোগিতা প্রদান করেছে নোবিপ্রবি সিএসটিই (CSTE) বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত সফটওয়্যার স্টার্টআপ ‘nanitex’।