উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ বরকত উল্লাহ বুলু বলেছেন, পড়ালেখার জন্য স্মার্টফোন প্রয়োজনীয় একটি উপকরণ। এর মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে গুগলে গিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তবে এর অপকারিতাও রয়েছে। অনলাইন জুয়াসহ নানা অপকর্মে স্মার্টফোনের অপব্যবহার হচ্ছে। তাই স্মার্টফোন যেমন ভালো জিনিস, তেমনি এটি অপকর্মের কারখানায়ও পরিণত হতে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ উপজেলার ঘাটলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। পড়াশোনা ও জ্ঞান অর্জনের কাজে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার থেকে সন্তানদের দূরে রাখতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি চাঁন মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার সৈয়দ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, উপজেলা বিএনপির সদস্য কাজী আবুল বাশার, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন এবং ঘাটলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. ইসমাইল হোসেন সুমন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনা ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।