উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা একাডেমি প্রাঙ্গণে বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী সহ আরো অনেকেই।
মত বিনিময় সভা শেষে সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু সহধর্মিণীর সৌজন্যে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এতে নাচ, গান, নজরুল সংগীত, সহ আরো পরিবেশন করা হয়, সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রধান শিক্ষকরা তাদের বিদ্যালয়ের বিভিন্ন বিষয় ও সমস্যার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।