উপজেলা সংবাদদাতা, চাটখিল : দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাটখিল আজিজ সুপার মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় আজিজ সুপার মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ। এছাড়া আরও বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সদস্য সচিব জি এস ফরিদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসান হক মাসুদ এবং যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবু হানিফ বলেন, "সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করুন।" তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ষড়যন্ত্র বন্ধ না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেবে।
সবশেষে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মিছিল ও সমাবেশ সফলভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।