উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ সফরকালে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হুমায়ুন কবিরের আমন্ত্রণে তাঁর বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজ শেষে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ইশরাক হোসেন। পরিবারের সদস্যদের কাছ থেকে তাঁর চিকিৎসার বিষয়ে জেনে দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।