উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর : সুবর্ণচরে বিএনপির নাম ভাঙিয়ে সরকারি পাবলিক টয়লেটের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিজের উপস্থিতিতে অবৈধ স্থাপনাগুলো ভেঙে জায়গাটি দখলমুক্ত করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দশের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বাজারের ওই সরকারি জায়গাটি পাবলিক টয়লেটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু গত ১০ বছরের বেশি সময় ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জায়গাটি দখল করে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নাম ব্যবহার করে একটি মহল জায়গাটি পুনরায় দখল করে। সেখানে কয়েকটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। দখল আড়াল করতে ওই স্থানে বিএনপির কার্যালয়ের নামে একটি সাইনবোর্ডও লাগানো হয় বলে অভিযোগ স্থানীয়দের।
বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে জানানো হলে শুক্রবার সন্ধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাঁর উপস্থিতিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় সেখানে গড়ে ওঠা স্থাপনাগুলো ভেঙে সরকারি জায়গাটি দখলমুক্ত করা হয়।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের উপস্থিতিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় অবৈধভাবে দখল করা সরকারি জায়গাটি উদ্ধার করা হয়েছে। দলের ত্যাগী নেতারা কখনো সংগঠনবহির্ভূত এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না। দখলমুক্ত জায়গাটি জনসাধারণের কাজে ব্যবহার করা হবে।
সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, সরকারি জায়গা দখল করার সুযোগ কারও নেই। সরকার যে উদ্দেশ্যে জায়গা বরাদ্দ দিয়েছে, সেটি জনস্বার্থেই ব্যবহার করতে হবে। ব্যক্তিস্বার্থে সরকারি কিংবা জনসাধারণের ব্যবহারের জায়গা দখল করে দলীয় পরিচয় ব্যবহারের কোনো সুযোগ নেই।
এ সময় তিনি সরকারি ও জনসাধারণের ব্যবহারের জায়গা দখল এবং দলীয় পরিচয়ের অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।