রিপোর্টার, সদর : সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ খলিশাটোলা এলাকায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির মালিক নজির আহমেদ ও তাঁর ছেলে হৃদয়সহ ৩ থেকে ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ডাকাত দল স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোররাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জনের একটি ডাকাত দল সিএনজিচালিত অটোরিকশাযোগে দক্ষিণ খলিশাটোলা এলাকায় আসে। তাদের মধ্যে একজন অটোরিকশা পাহারায় অবস্থান করে। অন্যরা চরমটুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজির আহমেদের বাড়িতে প্রবেশ করে।
এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে ডাকাতরা নজির আহমেদ ও তাঁর ছেলে হৃদয়কে বেধড়ক মারধর করে আহত করে। পরে নজির আহমেদের স্ত্রী ও দুই মেয়ের তিন জোড়া কানের দুল, দুটি আংটি এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
ডাকাতির খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের মধ্যে নজির আহমেদ ও তাঁর ছেলে হৃদয় বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী হওয়ায় দক্ষিণ খলিশাটোলা ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিয়মিত পুলিশি টহল জোরদার এবং ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।