বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে ফার্মেসি বিভাগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে কেক কাটা হয়। এ সময় ফার্মাসিস্টদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা, জনস্বাস্থ্য সুরক্ষায় তাদের অবদান এবং ভবিষ্যতে ফার্মাসিস্টদের আরও দক্ষ ও ক্ষমতায়িত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও কার্যকর ওষুধের ব্যবহার নিশ্চিত করা, রোগীদের ওষুধসংক্রান্ত পরামর্শ প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এ সময় ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।