উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে ফারারা গ্রুপের উদ্যোগে শরিয়াহ ভিত্তিক ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে শরিয়াহভিত্তিক ব্যবসার ধারণা, নৈতিকতা ও সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বুধবার দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মোরশেদ আলম শপিং কমপ্লেক্সের বেজ্ঞল কনভার্শন হল রুমে ফারারা গ্রুপের আয়োজনে এ ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুফতি হারুনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপের ডিরেক্টর নুরুল ইসলাম, ডিএমডি মুফতি ফারুক, সিনিয়র ডিরেক্টর নুরুল ইসলাম লিটন, ডিরেক্টর সিহাব উদ্দিন, ডিরেক্টর জুবায়ের আহমদ, ডিরেক্টর মহিন আহমেদসহ ফারারা গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
সভায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে শরিয়াহভিত্তিক ব্যবসার বিভিন্ন দিক এবং সুদমুক্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ইসলাম ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। তাই ব্যবসায়ীদের উচিত ইসলামী বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনা করা। এতে ব্যবসায় যেমন নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, তেমনি সমাজে সুস্থ ও কল্যাণমুখী ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠবে।
তারা আরও বলেন, ব্যবসায় লাভের পাশাপাশি মানুষের কল্যাণ ও ন্যায়নীতি নিশ্চিত করা জরুরি। শরিয়াহভিত্তিক ব্যবসার মাধ্যমে সততা, আমানতদারি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান বক্তারা।
দিনব্যাপী এ সভায় ব্যবসায়িক উন্নয়ন, শরিয়াহভিত্তিক ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল এবং ব্যবসায়ীদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। সভায় ফারারা গ্রুপের কর্মকর্তা, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন।