কামাল চৌধুরী, উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সোনাপুর-সুবর্ণচর আঞ্চলিক মহাসড়কে গত কয়েক মাসে সড়ক দূর্ঘটনায় কয়েক জন যাত্রীর মর্মান্তিক মৃত্যুর পর শুক্রবার আবারও একই সড়কে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রী শিল্পী আক্তার (৩০) ও তার মেয়ে শারমিন আক্তারের (২) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সুবর্ণচর অংশে আটকপালিয়া বাজারের পূর্ব পাশে দারোগার মোড় (মেজর অব: আব্দুল মান্নান এর ফ্যাক্টরির সামনে) এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি চালকসহ ২জন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলো উপজেলার পূর্বচরজব্বারের ২নং ওয়ার্ডের শুক্কুরের স্ত্রী ও তার মেয়ে।
আহতরা হলো একই গ্রামের মৃত মো. আইয়ুব আলীর ছেলে চালক মো. ফারুক (৩০) ও মোস্তফার ছেলে আব্দুল্লাহ (২৮)। আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা ট্রাক ও সিএনজি আটক করে রাখে। আটক সিএনজি-ট্রাক জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ট্রাক ও সিএনজির সংঘর্ষে মা ও মেয়ের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ দূর্ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সড়কে প্রায় প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা। সড়কটি যেন মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে বলে হতাশা প্রকাশ করেন যাত্রী,পথচারী ও চালকরা । এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগীরা ।