স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭ম ‘আইটি ডেভেলপমেন্ট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জমিদারহাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জমিদারহাট আইডিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউটের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়। এবারের পরীক্ষায় স্থানীয় ৩৭টি বিদ্যালয়ের মোট ১৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন জমিদারহাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রহমত উল্যাহ সুজন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, মেধা বিকাশের এ আয়োজনে প্রতি শ্রেণি থেকে ১৫ জন করে মোট ৭৫ জন কৃতী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে।
আইটি ডেভেলপমেন্ট মেধাবৃত্তি কমিটির সভাপতি কাউছারা বেগম ও সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মানিক জানান, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তির জ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই গত সাত বছর ধরে ধারাবাহিকভাবে এ মেধাবৃত্তির আয়োজন করা হচ্ছে।
তারা জানান, আগামী দিনেও শিক্ষার মানোন্নয়নে এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।