স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ী উপজেলার জয়াগে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংসা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পণ, সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২ অক্টোবর) দিবসটি উপলক্ষে সোনাইমুড়ীর জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ে সকালে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব রাহা নবকুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সম্প্রীতি সমাবেশ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন, গান্ধী আশ্রমের ট্রাস্টি ড. শামসুদ্দিন আহমেদ, সাবেক ট্রাস্টি অ্যাডভোকেট কাজী মনসুরুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা মহাত্মা গান্ধীর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহাত্মা গান্ধী অহিংসা, সত্য, শান্তি ও মানবিক মূল্যবোধকে তাঁর জীবনাদর্শের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন। মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর দর্শন বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে নানা ধরনের সংঘাত, সহিংসতা ও বিভাজনের মধ্যে শান্তি ও অহিংসার চর্চা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে হবে। একই সঙ্গে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় মহাত্মা গান্ধীর সঙ্গে নোয়াখালীর ঐতিহাসিক সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরা হয়। ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মহাত্মা গান্ধী নোয়াখালী অঞ্চলে এসে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন এলাকায় পদযাত্রা করেন। জয়াগের গান্ধী আশ্রম তাঁর সেই শান্তি ও সম্প্রীতির প্রচেষ্টার স্মৃতিবাহী একটি গুরুত্বপূর্ণ স্থান।
আয়োজকরা বলেন, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংসা দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, দর্শন ও মানবিক মূল্যবোধ তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে গান্ধীর অহিংসার আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
পরে মহাত্মা গান্ধীর আত্মত্যাগ, মানবসেবা ও অহিংস আন্দোলনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে গান্ধী আশ্রম প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।