উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের ২৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর জিয়া উদ্দিন বাবলুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী আলী আহমদ কল্যাণ ট্রাস্টের পরিচালক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক খোকন, এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আবদুর রহিম, মসজিদ মিশন কোম্পানীগঞ্জ শাখার সভাপতি মাওলানা শাহাজান, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল, সিনিয়র সহ-সভাপতি গাজী আলমগীর, চরহাজারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসেন, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম।
এছাড়া এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন সুমন, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন স্বপন, কোষাধ্যক্ষ আলী আকবর সুমন, সহ-সভাপতি আবু সুপিয়ান, কলেজ বিষয়ক সম্পাদক কামরুল হাসান রুবেল এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রহমত উল্যাহসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ পুলিশের সদস্য ক্যান্সারে আক্রান্ত আজিজের পরিবারের হাতে এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
পরে বিদ্যালয়ের ২৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।