স্টাফ রিপোর্টার : আনন্দঘন পরিবেশে জেলাতে ‘আঞ্জুমান আরা মেধা বৃত্তি ও স্বর্ণপদক পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ২ হাজার ১৭১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় বাঙালি লোকশিল্প সংস্থার প্রকল্প ‘আঞ্জুমান আরা মেধা বৃত্তি ও স্বর্ণপদক ফাউন্ডেশন’-এর আয়োজনে পরীক্ষা শুরু হয়। টানা আড়াই ঘণ্টা পরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টায় তা শেষ হয়। জেলার পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়, মাইজদী বালিকা বিদ্যানিকেতন, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জের ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয় এবং সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়।
পরীক্ষা চলাকালে প্রকল্পের প্রবর্তক, বাঙালি লোকশিল্প সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সারওয়ার-ই-দীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সন্তান অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল তাঁর সঙ্গে ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. আবুল কাশেম। কেন্দ্র সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্প কমিটির অন্যতম সদস্য ও বাঙালি লোকশিল্প সংস্থার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন। এ ছাড়া প্রকল্পের সদস্য মিজানুর রহমান, উদয়ন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন বাবুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরীক্ষার সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন।
২০১৫ সালে শুরু হওয়া এ প্রকল্পটি জেলার শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নিয়মিত এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের মেধার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের পরীক্ষার মধ্য দিয়ে প্রকল্পটি ১১তম বর্ষে পদার্পণ করেছে।
আয়োজকরা জানান, পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি ও স্বর্ণপদক প্রদান করা হবে। এ উপলক্ষে আগামীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘আঞ্জুমান আরা মেধা বৃত্তি ও স্বর্ণপদক পুরস্কার-২০২৬’ বিতরণ করা হবে।